চিত্রপটের বিমূর্ত-আধাবিমূর্ত অভিব্যক্তি মূর্ত হয় ব্যক্তি-মানসের অভিজ্ঞতার সমন্বয়ে। তবে মানুষের নেতিবাচক মনোভাব, সংকট, সংগ্রাম ও দ্রোহ শৈল্পিকরূপে প্রকাশ পেতে বেশ অপেক্ষাই করতে হয়। অস্তিত্ব-সংকট কখনো বা প্রধান হয়ে ওঠে। তবে শিল্পী কখনো পরাজিতের ছবি আঁকেন না। জীবনের আশাবাদী চেতনার গানে উদ্বেলিত হয় ক্যানভাস। শিল্পী তৈয়বা বেগম লিপির দ্বিমাত্রিক তল পরিবর্তিত হয় বিষয়বস্তুর স্পর্শকাতরতায়। অনুভূতির অবরুদ্ধ মনোভূমি নারীর অস্তিত্বের চৈতন্য ধারণ করেন শিল্পের শক্তিতে। সৃজনপ্রিয় এই শিল্পী দুঃসহ-বিদীর্ণ-ক্ষয়িষ্ণু দোলাচলে বহমান জীবনের গতি স্পষ্ট করে তুলেছেন নিরীক্ষার কৌণিক অবস্থান থেকে।বিজার অ্যান্ড দ্য বিউটিফুল নামের এই শিল্পকর্মটি শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পভাবনার স্বরূপ উন্মোচন করে। সৌন্দর্যকে এক নতুন দৃষ্টিতে দেখার অভিধা বর্ণিত হয় এখানে। শিল্পীর আত্মপ্রতিকৃতিতে নিজস্ব শিল্পদর্শনের অভিন্ন যোগাযোগ চোখে পড়ে। এই শিল্পকর্মটি মিশ্রমাধ্যমে অঙ্কিত। দ্বিমাত্রিক পরিসরে তিনি আত্মপ্রতিকৃতিতে ধারালো ব্লেড ও সেফটিপিন ব্যবহার করে ত্রিমাত্রিকতা নির্মাণ করেছেন। এখানে বক্তব্যের পাশাপাশি শিল্পী লিপির করণকৌশলের নিরীক্ষা ও আধুনিকতা লক্ষণীয়। ক্যানভাসের পশ্চাৎপট অত্যন্ত দক্ষতায় অলংকৃত। অবয়ব ও পরিধেয় বস্ত্রে ধারালো ব্লেড ও সেফটিপিনের ব্যবহারে নতুনত্ব রয়েছে। শিল্পীর মানসিক গঠন ও উপস্থাপনের আঙ্গিক শক্তিশালী। সৌন্দর্য যে কখনো ভয়ংকর হয়ে ওঠে, এর স্পষ্ট রূপায়ণ দেখা যায় এই পেইন্টিংয়ে। জীবনের গভীরতম আদর্শ, মূল্যবোধ শিল্পীর মনোভূমিতে তীব্রভাবে ক্রিয়াশীল। সৌন্দর্যের আনন্দের সঙ্গে মানবীয় চেতনার অন্তর্দ্বন্দ্ব জারিত হয়ে নির্মিত হয়েছে এর অবজেক্টিভিটি। বাস্তব প্রত্যক্ষণ ও সৌন্দর্যের রূপকল্পনা একই না-ও হতে পারে। তৈয়বা বেগম লিপি সমাজে ঘটমান প্রাত্যহিক জীবনের নানা ঘটনার সময়-অভিজ্ঞতার পরিবর্তিত রূপকে একটি চিরন্তন সত্যে উপনীত করার চেষ্টা করে চলেছেন। দ্বান্দ্বিকতার ভেতর দিয়ে তাঁর এগিয়ে চলা; নারী শুধু সুন্দরের প্রতিভূ নয়, বরং তীক্ষ বিশ্বাসের মন্ত্রে পঠিত আরাধনার উৎস, রহস্যের ধ্যানস্থ দুয়ারের চাবিকাঠি।তৈয়বা বেগম লিপিজন্ম ১৯৬৯ সালে, গাইবান্ধা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে ১৯৯৩ সালে মাস্টার্স শেষ করেন। একক এবং বহু যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ২০০৪ সালে ১১তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন। এ বছর প্রথমবারের মতো ভেনিস বিয়েনালে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। বৃত্ত আর্ট ট্রাস্টের বিবিধ শৈল্পিক কর্মযজ্ঞের মাধ্যমে তিনি বাংলাদেশের শিল্পকলাকে সমৃদ্ধ করছেন।